সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ম্যাচে শক্তিশালী মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শেষের দিকে দুর্দান্ত প্লেসিংয়ে গোল করে জামাল ভূঁইয়ার দলের জয় নিশ্চিত করেন মোরসালিন আহমেদ। ম্যাচ শেষে বাংলাদেশের জয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ এই মিডফিল্ডার।
বসুন্ধরা কিংসের এই ফুটবলারের বাড়ি ফরিদপুরে। মোরসালিনকে অনুর্ধ্ব-১৮ ক্লাব ফুটবলের জন্য এনেছিলো কিংস। সেখানেই নিজের জাত চেনান ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার। গত বছরে জায়গা করে নেন কিংসের মূল দলে। কিন্তু মাঠে নামার সুযোগ পাচ্ছিলেন না তিনি, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বে ধারে মোহামেডানে খেলার সুযোগ পান মোরসালিন। আর মাঠে নামার সুযোগ পেয়েই নিজের ক্লাব বসুন্ধরার বিপক্ষে দূর থেকে অসাধারণ এক গোল করে আলোচনায় আসেন তিনি। সেই ম্যাচে লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মোহামেডান। মৌসুমের বাকি সময়েও ভালো খেলে নজর কাড়েন কিংস ম্যানেজমেন্টের। এই মৌসুমে আবারও কিংসে ফেরেন তিনি।

তরুণ এই মিডফিল্ডারের অভিষেক হয় কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। লেবাননের বিপক্ষে বাংলাদেশের হারার ম্যাচে নেমেছিলেন বদলি হয়ে। মাঠে নেমেই ফয়সাল আহমেদ ফাহিমকে অসাধারণ একটি থ্রু বল দিয়েছিলেন তিনি। কিন্তু গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি ফাহিম। সেই ম্যাচে বাংলাদেশ হারে ২-০ গোলের ব্যবধানে।
জাতীয় দলের হয়ে তৃতীয় ম্যাচে নিজের প্রথম গোল পেয়েছেন মোরসালিন। অথচ সাফের ৩৫ সদস্যের তালিকায় ছিলেন না এই মিডফিল্ডার। চোটের কারণে কয়েকজন ফুটবলার ছিটকে যাওয়ায় সুযোগ মেলে তার। আর সুযোগ পেয়েই নিজেকে চেনালেন মোরসালিন।


