বাংলাদেশ ফুটবলের নতুন সেনসেশন শেখ মোরসালিন। জাতীয় দলে অভিষেকের পর থেকেই সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন তরুণ এ মিডফিল্ডার। লাল-সবুজের জার্সিতে ইতিমধ্যে করেছেন চার গোল। তরুণ এ ফুটবলারের প্রতি চোখ পড়েছে ইউরোপিয়ান ক্লাবের। সব ঠিকঠাকভাবে এগোলে পর্তুগালের একটি ক্লাবে খেলতে পারেন মোরসালিন। ‘দৈনিক নয়াদিগন্ত’কে দেওয়া সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন বসুন্ধরা কিংসের এ ফুটবলার।
জাতীয় দলে অভিষেকের আগেই জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছিলেন মোরসালিন। ৬৪ জনের প্রাথমিক তালিকায় থাকলেও ১৬ জনের চুড়ান্ত তালিকায় তার জায়গা হয়নি। যার কারণে বাভারিয়ানদের বয়স ভিত্তিক দলে খেলা হয়নি মোরসালিনের।
তরুণ এ ফুটবলার বলেন, “২০২১ সালে জার্মানির বিখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছিলাম। ৬৪ জনের প্রাথমিক তালিকায় ছিলাম। কিন্তু ১৬ জনের চূড়ান্ত তালিকায় আর জায়গা হয়নি। এখন পর্তুগালের একটি ক্লাবের সাথে কথা হচ্ছে”

মোরসালিনকে মূলত ইউরোপিয়ান ক্লাবে খেলানোর চেষ্টা করছেন বিকেএসপির সাবেক কোচ রে পাওয়ার। তিনিই বায়ার্ন মিউনিখে মোরসালিনের ভিডিও পাঠিয়েছিলেন। যা দেখে প্রাথমিক তালিকায় বাভারিয়ানরা তাকে রেখেছিল। এবার পর্তুগালের একটি ক্লাবের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন পাওয়ার। তবে কোন ক্লাবের সাথে তিনি যোগাযোগ করছেন তা নিশ্চিত করতে পারেননি মোরসালিন।
ইউরোপের ক্লাবে খেলার ইচ্ছা রয়েছে মোরসালিনের মাঝেও। সবকিছু যদি ঠিক হয়, তাহলে তার বর্তমান ক্লাব বসুন্ধরার সাথে কথা বলবেন তিনি।
মোরসালিন বলেন, “এখনো বিষয়টি নিশ্চিত নয়। আমি শুনেছি আমাকে পর্তুগালের একটি ক্লাবে পাঠানোর চেষ্টা চলছে। আমিও রাজি ইউরোপে খেলতে। যদি সব ঠিকঠাক হয় তাহলে বসুন্ধরা কিংসকে বলেই আমি যাবে। এখন অপেক্ষায় আছি কোচ রে পাওয়ারের চূড়ান্ত ঘোষণার”
বসুন্ধরার সাথে তিন বছরের চুক্তি করেছিলেন মোরসালিন। যা এবছরের নভেম্বরে শেষ হবে। এর আগে নেদারল্যান্ডসের একটি ক্লাবে ট্রায়াল দিয়েছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস কিন্তু টিকতে পারেননি তিনি।


